বিজ্ঞাপন
মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম
বিজ্ঞাপন
কিশোরগঞ্জের ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনার পর আদালত বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দেবরের ছেলেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণপাড়া হাজিবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আদালত বেগম ওই এলাকার রেজ্জাক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী দক্ষিণপাড়া হাজিবাড়িতে রেজ্জাক মিয়া, আব্দুল খালেক ও আব্দুর রশীদ—এই তিন ভাইয়ের ৯ শতাংশ জমি রয়েছে। সমান বণ্টন অনুযায়ী প্রত্যেকের ৩ শতাংশ করে জমি পাওয়ার কথা। তবে আব্দুল খালেক ও আব্দুর রশীদের ছেলেরা জমি সমানভাবে বণ্টন না করে জবরদখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে রেজ্জাক মিয়ার পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে তাদের বাড়িতে যায় পুলিশ। পুলিশ চলে যাওয়ার পর বিকাল সাড়ে ৫টার দিকে আদালত বেগমের সঙ্গে তার দেবরের ছেলে শামসুল আমিন, সাইফুল মিয়াসহ কয়েকজনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, এ সময় মারধরের শিকার হয়ে আদালত বেগম দৌড়ে বাড়ির পাশের একটি মসজিদের সামনে গিয়ে মোনাজাত ধরে আল্লাহর কাছে বিচার চান। কিছুক্ষণ পর সেখানে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
তবে আদালত বেগমের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মারধরের পর মসজিদের সামনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
তিনি আরও বলেন, ঘটনার সময় আমি ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলাম না। খবর পেয়ে বাড়িতে এসে মায়ের মৃত্যুর কথা জানতে পারি।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইলও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, জমি নিয়ে আদালত বেগমের সঙ্গে তার দেবরের ছেলেদের বিরোধ ছিল বলে তারা জানা গেছে। ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।