বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১১ মাসে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করেছে ৮ বছর ৩ মাস বয়সী শিশু রামিন নাওয়াফ মুগ্ধ। মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোভনীয়া এলাকায় অবস্থিত দারুল কোরআন মাদরাসা ও এতিমখানার হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী মুগ্ধ বৃহস্পতিবার (৮ অক্টোবর) কোরআন হিফজ সম্পন্ন করে।
মুগ্ধ ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম মজুমদার ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র ছেলে। তার মা মিরসরাই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। মায়ের চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে মিরসরাই সদরে বসবাস করছে মুগ্ধ ও তার পরিবার।
মাদরাসা সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে দারুল কোরআন মাদরাসার হিফজ বিভাগে ভর্তি হয় মুগ্ধ।
এরপর নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং বাবা-মায়ের অক্লান্ত সহযোগিতায় মাত্র ১১ মাসে সম্পূর্ণ পবিত্র কোরআন হিফজ করে সে।
হিফজের সময় প্রতিদিন নিয়মিত সবক শুনিয়েছে মুগ্ধ। কোনো কোনো দিন ৪-৫ পৃষ্ঠা এবং কখনো ৫-৭ পৃষ্ঠা পর্যন্ত সবক শুনিয়েছে সে। অল্প বয়সে এমন অসাধারণ অধ্যবসায় ও মেধায় মুগ্ধে বিস্মিত শিক্ষকরা।
মুগ্ধের বাবা মাসুদুল ইসলাম মজুমদার বলেন, ‘ছোটবেলা থেকেই মুগ্ধের ইচ্ছা ছিল সে কাবার ইমাম হবে। আমরা তাকে বলতাম, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে একদিন অবশ্যই ইমাম হবে। আলহামদুলিল্লাহ, সে মাত্র ৮ বছর বয়সে হাফেজ হয়েছে। তার স্বপ্ন পূরণে আমরা সবসময় সর্বোচ্চ সহযোগিতা করব।’
দারুল কোরআন মাদরাসা ও এতিমখানার মুহতামিম আবু নাছের মোহাম্মদ ইউসুফ বলেন, ‘নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং বাবা-মায়ের সহযোগিতায় মুগ্ধ মাত্র ১১ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে।
এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করার ঘটনা সত্যিই অনন্য। সে নিয়মিত একদিনে ৫-৭ পৃষ্ঠা পর্যন্ত সবক শুনিয়েছে। মুগ্ধের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
মুগ্ধের পরিবার ও মাদরাসার শিক্ষকরা তার ভবিষ্যৎ জীবনের সাফল্য, দ্বীনি জ্ঞান অর্জন এবং স্বপ্ন পূরণের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।