বিজ্ঞাপন
মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস, চাঁদপুরের মহীনের ব্যতিক্রমী উদ্যোগ
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ এএম
বিজ্ঞাপন
মুরগির খামার থেকে প্রতিদিনের বর্জ্য সাধারণত দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণ হয়। তবে সেই বর্জ্যকেই সম্পদে পরিণত করেছেন চাঁদপুরের মতলব উত্তরের তরুণ উদ্যোক্তা মো. মহীন হোসাইন। মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস উৎপাদন করে বর্তমানে ১২টি পরিবারের কাছে সরবরাহ করছেন তিনি। মাসে মাত্র ১ হাজার ২০০ টাকায় নিরবচ্ছিন্ন রান্নার গ্যাস পাচ্ছেন এসব পরিবার।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের লুদুয়া গ্রামের বাসিন্দা মহীন হোসাইন। ছোটবেলা থেকেই পশুপাখি পালনে আগ্রহী ছিলেন তিনি। ২০২৩ সালে লেয়ার মুরগির খামার দিয়ে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন। বর্তমানে তার দুটি খামারে রয়েছে প্রায় ৩ হাজার মুরগি। এর মধ্যে দুই হাজারের বেশি মুরগি থেকে প্রতিদিন ডিম উৎপাদন হচ্ছে।
মুরগির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিষ্ঠার পরিমাণ। খোলা জায়গায় এসব বর্জ্য ফেলে রাখলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের আশঙ্কা থাকায় বিকল্প পথ খুঁজতে শুরু করেন মহীন। প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে স্থাপন করেন বায়োগ্যাস প্লান্ট।
খামারের পাশে তৈরি করা হয়েছে দুটি ট্যাংক। একটি ট্যাংকে পাম্পের মাধ্যমে মুরগির বিষ্ঠা জমা করা হয়। সেখান থেকেই তৈরি হচ্ছে বায়োগ্যাস। পাইপলাইনের মাধ্যমে সেই গ্যাস পৌঁছে যাচ্ছে আশপাশের গ্রাহকদের বাড়িতে। আর বায়োগ্যাস তৈরির পর অবশিষ্ট বর্জ্য ব্যবহার করা হচ্ছে জৈবসার হিসেবে।
বায়োগ্যাস ব্যবহারকারী সুফিয়া বেগম বলেন, আগে লাকড়ি দিয়ে রান্না করতাম। নানা সমস্যা হতো। এখন আর সিলিন্ডারের পেছনে বেশি টাকা খরচ করতে হয় না। কম খরচে গ্যাস পাচ্ছি।
গ্যাস ব্যবহারকারী রেহানা বেগম বলেন, আমরা কোনো সময় ভাবিনি যে এই গ্যাস আসবে বা আমরা এমন সুযোগ-সুবিধা পাব। এখন নিয়মিত গ্যাস পাচ্ছি, এতে আমরা খুবই খুশি।
উদ্যোক্তা মো. মহীন হোসাইন বলেন, যে ১২টি পরিবারকে আমি বায়োগ্যাস দিয়েছি, তারাও খুব আনন্দিত। যেকোনো সময় ২৪ ঘণ্টা গ্যাস পাওয়া যাচ্ছে। এলাকায় বায়োগ্যাসের ভালো চাহিদা আছে। ভবিষ্যতে অন্তত ৫০টি পরিবারকে এই সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে স্থানীয়দের দেওয়ারও পরিকল্পনা রয়েছে তার।
মহীন হোসাইনের দাবি, ৩ হাজার মুরগি থেকে অন্তত ৫০টি চুলায় গ্যাস সরবরাহ করা সম্ভব। এতে খামারের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বাড়বে আয় এবং কমবে পরিবেশ দূষণ। তিনি আরো বলেন, বর্তমানে ১২ জন গ্রাহক মাসে ১ হাজার ২০০ টাকা করে দিয়ে এই বায়োগ্যাস ব্যবহার করছেন। উদ্যোক্তার পরিকল্পনা অনুযায়ী, গ্রাহক সংখ্যা ৫০-এ উন্নীত করা গেলে খামারের বর্জ্য থেকেই তৈরি হবে বড় পরিসরের বিকল্প জ্বালানি।
এ বিষয়ে চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক বলেন, বায়োগ্যাস প্লান্ট খামারকে পরিবেশবান্ধব করার পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
জ্যোতির্ময় ভৌমিক বলেন, বায়োগ্যাসের মাধ্যমে খামারকে পরিবেশবান্ধব করা যায়। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি উৎপাদিত জৈবসার কৃষিকাজে ব্যবহার করা সম্ভব। ভবিষ্যতে কোনো খামারি এ ধরনের প্রযুক্তি গ্রহণ করতে চাইলে প্রাণিসম্পদ বিভাগ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস উৎপাদনের এই উদ্যোগে একদিকে যেমন খামারের বর্জ্য ব্যবস্থাপনার সমাধান হচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে বিকল্প জ্বালানি ও জৈবসার। একই সঙ্গে উদ্যোক্তার বাড়তি আয়ের পথও তৈরি হয়েছে। স্থানীয় খামারিরা এমন উদ্যোগে এগিয়ে এলে এলপিজির ওপর চাপ কমানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষাতেও ভূমিকা রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।