Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

মামলার স্বাক্ষী হওয়ায় বৃদ্ধকে মারধর করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম

মামলার স্বাক্ষী হওয়ায় বৃদ্ধকে মারধর করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

বিজ্ঞাপন

পিরোজপুরের নেছারাবাদে জমি সংক্রান্ত বিরোধের মামলায় সাক্ষ্য দেওয়ায় মো. আনসার আলী (৬০) নামে এক সাক্ষীকে রাস্তায় আটকে মারধরের অভিযোগ উঠেছে মো. আবুল বাশার নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আনসার আলীকে স্থানীয়রা উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি কাটাখালি গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, কাটাখালি গ্রামের বাসিন্দা সাবেক অবসরপ্রাপ্ত সেনাসদস্য ওসমান গনির সঙ্গে জমি নিয়ে আবুল বাশারের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় আনসার আলীকে সাক্ষী করেন ওসমান গনি।

মামলাটি বর্তমানে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেই মামলায় বৃদ্ধ আনসার আলী স্বাক্ষী হওয়ায় তাকে বেদম মেরেছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার।

আনসার আলীর অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর আবুল বাশার তাকে আদালতে গিয়ে সাক্ষ্য দিতে নিষেধ করেন এবং ভয়ভীতি দেখান। তবে তিনি তা উপেক্ষা করে আদালতে সাক্ষ্য দেন।

এরই জেরে শুক্রবার দুপুরে কাটাখালি বাজারের অদূরে রাস্তায় তাকে দেখতে পেয়ে আবুল বাশার ও তার জামাতা আশিক মারধর করে উলঙ্গ করে ফেলেন। একপর্যায়ে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন আনসার আলী বলেন, ওসমান গনি ও আবুল বাশারের মধ্যে জমি নিয়ে মামলা চলছে। ওই মামলায় সাক্ষী হওয়ার কারণেই কাটাখালি গ্রামের আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার ও তার জামাতা আমাকে মেরেছে।

মামলার বাদী ওসমান গনি বলেন, আমার ভাইয়ের কাছ থেকে আবুল বাশার গোপনে একটি জমির দলিল করে নেন। বিষয়টি জানতে পেরে আমি পিরোজপুর আদালতে টাকা দাখিল করি। ওই মামলার সাক্ষী আনসার আলী। বাশার তাকে সাক্ষ্য না দিতে নিষেধ ও ভয়ভীতি দেখিয়েছিলেন। তিনি সাক্ষ্য দেওয়ায় তাকে মারধর করা হয়েছে।

মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আবুল বাশার। তিনি বলেন, শুক্রবার বাজারে বসে থাকার সময় আনসার পিছন থেকে এসে আমাকে ধাক্কা দেন। এ নিয়ে আমাদের দুজনের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। তিনি আরও দাবি করেন, তিনি আওয়ামী লীগের সভাপতি নন, তবে আওয়ামী লীগকে সমর্থন করেন।

কাটাখালি ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ওসমান গনি ও আবুল বাশারের মধ্যে জমি নিয়ে মামলা চলছে। ওই মামলায় আনসার সাক্ষী। শুনেছি, এ কারণেই আনসারকে আবুল বাশার মারধর করেছেন। আবুল বাশার আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার