Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

৮০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অনশনে ভুক্তভোগী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

৮০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অনশনে ভুক্তভোগী

বিজ্ঞাপন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা গ্রামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী আরশেদ আলীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচার দাবিতে অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশনে বসেছেন ওই বৃদ্ধা।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত রোববার রাত ৮টার দিকে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে ওই বৃদ্ধাকে বাড়ির বাইরে ডেকে নেন আরশেদ আলী। পরে তাঁকে টেনে-হিঁচড়ে পেছনের একটি নির্জন পরিত্যক্ত বাড়িতে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় বৃদ্ধার চিৎকার শুনে তাঁর এক নাতি ঘটনাস্থলে গিয়ে আরশেদ আলীকে ধরে ফেলে। পরে অভিযুক্তের বাড়ির ১৫/২০ জন লোক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাঁর ছেলে ও নাতিদের মারধর করে আরশেদ আলীকে ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজপতিরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন। দফায় দফায় চেষ্টা করেও অভিযুক্তের পরিবারের অসহযোগিতার কারণে কোনো সমাধান হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, তারা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আইনি প্রক্রিয়ায় যাওয়ার সামর্থ্য নেই। তাই বিচার দাবিতে বৃহস্পতিবার অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশনে বসেছেন ওই বৃদ্ধা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখান থেকে যাবেন না বলেও জানিয়েছেন তারা।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের ছেলে আসলাম। তিনি বলেন, তাঁর বাবা ওই বৃদ্ধার বাড়িতে ঝাড়ফুঁক দেওয়ার জন্য গিয়েছিলেন। পরে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে। তারপরেও বিষয়টি ঘরোয়াভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল।

এদিকে অভিযুক্ত আরশেদ আলী বাড়িতে না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এ ঘটনা সম্পর্কে আমি অবগত নই। বিষয়টি আমি আপনাদের মাধ্যমে প্রথম শুনলাম। খোঁজখবর নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার