বিজ্ঞাপন
চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী কক্সবাজারে উদ্ধার
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
বিজ্ঞাপন
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। এদিন তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গত রোববার কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলো উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে মাহিমা ইসলাম মাহি (১২) এবং একই ইউনিয়নের যুগিরকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে তানিসা আক্তার (১৪)। তারা দুজনই স্থানীয় আল-আমিন মহিলা মাদ্রাসার ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা নিজ নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়। তবে তারা মাদ্রাসায় না গিয়ে আত্মগোপনে চলে যায়। দিনশেষে তারা বাড়িতে ফিরে না আসায় পরিবার সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে। কোথাও কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ঘটনাটি জানার পর কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানা ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি সমন্বিত দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। অনুসন্ধানের একপর্যায়ে তাদের অবস্থান কক্সবাজার সমুদ্র সৈকতে শনাক্ত করা হয়।
পরবর্তীতে কক্সবাজার ডিবি পুলিশের সহায়তায় পরিচালিত এক অভিযানে সুগন্ধা পয়েন্টের ‘গ্রীণ প্যারাডাইজ’ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে ওই দুই কিশোরীকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, জিডিমূলে তাদের উদ্ধারে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়। এতে কক্সবাজার ডিবির সহায়তায় তাদের উদ্ধার করা হয়। বুধবার আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি জানান, পরিবারের সদস্যদের ওপর অভিমান করেই দুই কিশোরী স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে ঘুরতে চলে গিয়েছিল।