Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে

বিজ্ঞাপন

বাজারের খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে আসে ছোট্ট মেয়েটি। সারারাত না খেয়ে থাকা বাবার জন্য কিনে আনে রুটি ও চা।

এরপর নিজের হাতে বাবার মুখে খাবার তুলে দেয়। বাবা-মেয়ের এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকে। পরে সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে শনিবার সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসে মেয়েটি। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে সে। এরপর সারারাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।

ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা ছড়িয়ে পড়ে।

ভিডিওতে মেয়েটিকে বাবার মুখে খাবার তুলে দিতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, মেয়েটি বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে ছুটে আসে। পরে রুটি ও চা এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আরেক স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে মমতা দেখেছি, সেটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার