বিজ্ঞাপন
মা-ভাতিজি হত্যার রহস্য উন্মোচন, আদালতে ইমনের জবানবন্দি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম
বিজ্ঞাপন
‘পায়ের ব্যথার অসহ্য যন্ত্রণা থেকে রক্ষা পেতে আত্মহত্যা করতে চেয়েছিল। তার মা আত্মহত্যা করতে দেয়নি বলে ইমন তার মাকে দা দিয়ে কুপিয়ে গলা কেটে এবং ভাতিজিকে আছড়ে হত্যা করেছে বলে আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
একই সঙ্গে এ ঘটনার জন্য অঝোরে কান্না করে বলেন- আমি সর্বনাশ করেছি, তখন আমার মাথা ঠিক ছিল না।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেবীদ্বার থানা পুলিশ ঘাতক ইমন মিয়াকে (২৯) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার বিধান অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪ এর বিচারক সায়মা শরীফ নিশাতের আদালতে হাজির করা হয়। আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জবানবন্দিতে ইমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী রাতেই পুলিশি নিরাপত্তায় তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ডবল মার্ডারের ঘটনাটি ঘটে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়া মোস্তফা মাস্টারের বাড়িতে। ঘাতক ইমন মিয়া বড়শালঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
নিহতরা হলেন- ঘাতক ইমন মিয়ার মা ও মৃত ফরিদ মিয়ার স্ত্রী পিয়ারা বেগম (৬৫)। অপর নিহত ৮ মাস বয়সী ইসরাত জাহান ঘাতক ইমনের বড় ভাই সুজন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইমন মিয়া পায়ের ব্যথার যন্ত্রণা থেকে নিষ্ক্রিয় পেতে আত্মহত্যার চেষ্টা করলে, মা বাধা দিলে, মাকে দা দিয়ে কুপিয়ে গলা কেটে এবং ভাতিজিকে আছড়ে হত্যা করা হয়।
তারা আরো জানান, ৪/৫ বছর আগে ইমন ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পায়। ২/৩ বছর আগে প্রথমবার অপারেশন করার পরেও পায়ের ব্যথা বন্ধ হয়নি।
গত এক সপ্তাহে এলাকাবাসীর মাধ্যমে সাহায্য সহযোগিতা নিয়ে প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে পায়ের অপারেশন করানো হয়। গতকাল বিকেলে হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে ফিরে। কিন্তু পায়ের ব্যথা বন্ধ হয়নি। পায়ের ব্যথা নিয়ে সকালে আত্মহত্যার চেষ্টাকালে তার মা বাধা দেয়। মায়ের হাতে দা তুলে দিয়ে বলে মা তুমি আমাকে হত্যা করো। মা বলেন, বাবা তুই সুস্থ হয়ে যাবি বলে ছেলেকে শান্তনা দেওয়ার চেষ্টা করলে ছেলে মায়ের হাত থেকে দা ছিনিয়ে নিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে। এসময় ইমনের বড় ভাই সুজন মিয়ার স্ত্রী রাবেয়া বেগম তার ৮ মাস বয়সের মেয়ে ইসরাত জাহানকে কোলে নিয়ে দৌড়ে আসলে তাকেও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। কোলের শিশুর মাথায়ও আঘাত লেগে কোল থেকে ছিটকে পড়লে তাকে তুলে এনে আছড়ে হত্যা করে।
তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি জানার পর আহত রাবেয়াকে কুমেক হাসপাতালে নিয়ে যায়। ঘাতক ইমনকে ঘরবন্দি করে।
সংবাদ পেয়ে দেবীদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে ইমনকে উদ্ধার করেন।
ওই ঘটনায় ঘাতক ইমনের বড় ভাই সুজন মিয়া বাদী হয়ে ইমন মিয়াকে (২৯) একমাত্র আসামি করে দেবীদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিরুজ্জামান জানান, আদালতে ইমন হত্যার দায় স্বীকার করেছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।