বিজ্ঞাপন
১৩ বছরের অপ্রতিমের মৃত্যু, মায়ের বুকফাটা আহাজারি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
বিজ্ঞাপন
কুমিল্লায় চাকরি করতে এসেছি—এটা কি আমার অপরাধ? আমার ছেলেকে কেন হত্যা করা হলো? আমি এর জবাব চাই। আমি এখন কেমনে বাঁচব?
কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। তাঁর একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) আর নেই। শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হয়েছিল সে। এক দিন পর শনিবার দুপুরে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার হলো তার নিথর দেহ।
ছেলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর অপ্রতিমের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। খবর পেয়ে কুবির শিক্ষক-শিক্ষার্থীরাও ছুটে যান তাঁদের বাসায়। শোকাহত মা-বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু সন্তানের এমন মৃত্যুতে বাবা-মায়ের কান্না থামছিল না। তাঁদের বুকফাটা আহাজারি দেখে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় তুহিন নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর শনিবার দুপুরে আসে সেই দুঃসংবাদ। যে ছেলেকে খুঁজতে পরিবার ও স্বজনেরা ছুটে বেড়াচ্ছিলেন, তার মরদেহ পাওয়া যায় ক্যাম্পাসের কাছের পাহাড়ি জঙ্গলে।
অপ্রতিমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় ছেলের হত্যার বিচার দাবি করে অপ্রতিমের মা বলেন, আমার একটি মাত্র ছেলে। তাকে কেন এভাবে হত্যা করা হলো?
পরে সাংবাদিকদের মনিরুল হক চৌধুরী বলেন, আমি এ এলাকার এমপি হিসেবে লজ্জিত ও দুঃখিত। এক মাসুম বাচ্চাকে রক্ষা করতে পারলাম না। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। ৯০ দিনের মধ্যে এ ঘটনার বিচার শেষ করতে হবে।
পুলিশ বলছে, অপ্রতিমের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে একাধিক দল কাজ করছে। ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও আলামত বিশ্লেষণ করা হচ্ছে।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, আমাদের একাধিক টিম মাঠে নেমেছে এবং আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে একজন আছে, জিজ্ঞাসাবাদ চলছে। আমি এখান থেকে যাওয়ার পর বিষয়টি আরও খতিয়ে দেখব, তদন্ত করব। প্রকৃত হত্যাকারী না ধরা পর্যন্ত আমরা ননস্টপ এটা নিয়ে কাজ করব। কোটবাড়ি থানার পরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া বলেন, অপ্রতিমকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি সানন্দা এলাকায়। তাঁর বাবার নাম নুরুল আলম। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একদিকে পাহাড়ের জঙ্গলে পড়ে থাকা ১৩ বছরের কিশোরের মরদেহ, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এক মায়ের বুকফাটা কান্না—অপ্রতিমের মৃত্যুর ঘটনায় এখন উত্তর খুঁজছে তাঁর পরিবার, স্বজন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার। কেন এবং কীভাবে এই কিশোরকে হত্যা করা হলো, সেই প্রশ্নের উত্তরই এখন পুলিশের তদন্তের কেন্দ্রে।