বিজ্ঞাপন
প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে, ভূমি অফিসের নাজির আটক
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম
বিজ্ঞাপন
প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার শেখ মঞ্জু এলাহিকে গ্রেপ্তার করেছে ডাসার থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার রাতে ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ মঞ্জু এলাহি গোপালপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন মঞ্জু এলাহি। এ ঘটনায় তার প্রথম স্ত্রী সোমা এলাহি বাদী হয়ে আদালতে মামলা করেন। পরে আদালত ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানার ভিত্তিতে সোমবার রাতে ডাসার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের পরোয়ানার ভিত্তিতে শেখ মঞ্জু এলাহিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।