বিজ্ঞাপন
ডেঙ্গুতে আক্রান্ত সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম
বিজ্ঞাপন
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এই সংসদ সদস্যের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ পৌর শহরে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সৈয়দ শরাফাত হোসেন রাহাতের নির্দেশনায় যুবদল নেতা তরিকুল ইসলাম মানিক ও আরিফুল ইসলাম সাজিদের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
আয়োজকরা জানান, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা শেষে (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে তিনি রাজধানীর তার নিজ বাসায় ফিরেছেন। বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে এমপি মাজেদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় দুই শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।