Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী

বিজ্ঞাপন

বিদ্যালয়ে কোচিং চলছিল। এর মধ্যেই সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী সহপাঠীদের মধ্যে আখরোট বিতরণ করে। খাওয়ার পর একে একে সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বমি, শ্বাসকষ্ট ও অস্থিরতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিদ্যালয়ে। পরে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে আমতলী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রাতে শতাধিক শিক্ষার্থী কোচিং করতে বিদ্যালয়ে আসে। এ সময় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন তার প্রবাসী বাবার আনা আখরোট সহপাঠীদের মধ্যে বিতরণ করে। আখরোট খাওয়ার পর তানিয়া, উর্মী, মিম, এলমা, মরিয়ম, ফাতেমা ও সামিয়া অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে অভিভাবকেরা বিদ্যালয়ে ছুটে আসেন। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাত পৌনে ১০টার দিকে চিকিৎসকের পরামর্শে তাদের বরিশালে পাঠানো হয়।

তবে ঘটনার রহস্য আরও বাড়িয়েছে আখরোট না খেয়েও দুই শিক্ষার্থীর অসুস্থ হওয়ার দাবি। ছাত্রী সামিয়া ও মরিয়ম জানায়, তারা আখরোট খায়নি। এরপরও অন্যদের সঙ্গে তারাও অসুস্থ হয়ে পড়ে।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, আবিরকে জিজ্ঞাসাবাদ করা হবে। শিক্ষার্থীরা কেন অসুস্থ হয়েছে, তা তদন্ত করে প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভেন্দু বায় বলেন, শিক্ষার্থীদের বমি, শ্বাসকষ্ট ও অস্থিরতা ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশালে পাঠানো হয়েছে। কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমান হোসেন বলেন, সপ্তম শ্রেণির ১০ শিক্ষার্থীর মধ্যে সাতজন অসুস্থ হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার