বিজ্ঞাপন
ওসিসহ আহত পুলিশের ৬ সদস্য
বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
বিজ্ঞাপন
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়ে ওসিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার পর বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে বগা পালিয়ে যান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় খুলশীর ওয়্যারলেস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন খুলশী থানার ওসি আব্দুর রহিম ও তার বডিগার্ডসহ ছয় জন পুলিশ সদস্য।
ওসি আব্দুর রহিম কালের কণ্ঠকে বলেন, ‘বগার বিরুদ্ধে এক কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় সম্প্রতি নতুন একটি নিয়মিত মামলা দায়ের হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আগের কয়েকটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এসবের ভিত্তিতে শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তারে ওয়্যারলেস মোড় এলাকায় অভিযানে যায় আমাদের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে বগার অনুসারীরা আগে থেকেই মূল সড়কে ব্যারিকেড তৈরি করে অবস্থান নেয়।’
তিনি আরো বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্রই তাদের ওপর ইটপাটকেল, কাচের বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক ছুড়তে থাকে হামলাকারীরা। আমার সরকারি গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
হামলাকারীদের ইটের আঘাতে আমিসহ আমাদের আরো পাঁচ পুলিশ সদস্যরা আহত হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
বাগার বাসার সুড়ঙ্গের কথা জানিয়ে ওসি বলেন, ‘পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বগার বাসভবনে গিয়ে একটি গোপন সুড়ঙ্গ ও পালানোর গোপন পথের সন্ধান পায়। পুলিশ পৌঁছানোর আগেই ওই সুড়ঙ্গ ব্যবহার করে কেটে পড়েন তিনি’।
এদিকে, অভিযান চলাকালে বগা দূর থেকে মোবাইল ও ভিডিও কলের মাধ্যমে অভিযানে থাকা পুলিশ কর্মকর্তাদের নানা হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখান বলেও জানা গেছে।
সম্প্রতি পহাড়তলী কলেজের এক শিক্ষককে নির্যাতনের তদন্তে উঠে আসে বগার সম্পৃক্ততা। শিক্ষককে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নতুন মামলার সঙ্গে বগার বিরুদ্ধে আগের ১৭টি মামলার মধ্যে অস্ত্র আইনে একাধিক মামলা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার পুলিশের ওপর হামলা, অস্ত্র ব্যবহার, সরকারি গাড়ি ভাংচুরের ঘটনায় একাধিক মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।