Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

জেনারেটর আছে তেল নেই, বিদ্যুৎ গেলেই দুর্ভোগে রোগীরা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম

জেনারেটর আছে তেল নেই, বিদ্যুৎ গেলেই দুর্ভোগে রোগীরা

বিজ্ঞাপন

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর থাকলেও জ্বালানি তেলের অভাবে সেটি কাজে লাগানো যাচ্ছে না। ফলে বিদ্যুৎ চলে গেলেই হাসপাতালের সাধারণ ওয়ার্ডগুলো অন্ধকার ও ভ্যাপসা গরমে পরিণত হচ্ছে। পাখা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের।

সরেজমিনে ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন হাসপাতালটিতে। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে ওয়ার্ডগুলোতে পাখা বন্ধ হয়ে যায়। গরমে রোগীদের পাশাপাশি তাদের স্বজনদেরও অস্বস্তিতে পড়তে দেখা যায়।

শ্বাসকষ্ট নিয়ে ভর্তি গোপালপুর গ্রামের আবদুস সামাদের পাশে ছিলেন তার স্ত্রী চম্পা বেগম। তিনি বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর দীর্ঘ সময় পাখা বন্ধ থাকায় গরমে তার স্বামীর শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। একই ধরনের দুর্ভোগের কথা জানান নারী ওয়ার্ডে ভর্তি লতা রানী।

হাসপাতাল সূত্র জানায়, জরুরি বিভাগে আইপিএস এবং অপারেশন থিয়েটারে (ওটি) জেনারেটরের ব্যবস্থা রয়েছে। তবে সাধারণ ওয়ার্ডে পাখা চালানোর জন্য বিদ্যুৎ চলে গেলে বিকল্প কোনো ব্যবস্থা নেই। ফলে লোডশেডিংয়ের সময় ওয়ার্ডগুলোতে শুধু এনার্জি বাল্ব জ্বলে; পাখা বন্ধ থাকায় রোগীদের অসহনীয় গরমের মধ্যে থাকতে হয়।

শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম বলেন, হাসপাতালে জেনারেটর থাকলেও সেটি চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল কেনার কোনো সরকারি বরাদ্দ নেই। এ কারণে সাধারণ ওয়ার্ডে জেনারেটর চালানো সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, জ্বালানি কেনার জন্য বরাদ্দের ব্যবস্থা করা গেলে লোডশেডিংয়ের সময় ওয়ার্ডের পাখা চালানো সম্ভব হবে এবং রোগীদের দুর্ভোগও অনেকটা কমে আসবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার