Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

সোহমের বিরুদ্ধে এবার কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

সোহমের বিরুদ্ধে এবার কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

বিজ্ঞাপন

ফের অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এবার এক কাঠমিস্ত্রিকে মারধর, গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন রাজকাপুর শর্মা নামের এক ব্যক্তি। এ ঘটনায় বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআরও করেছে।

অভিযোগপত্রে রাজকাপুর জানিয়েছেন, গত ১২ মে সোহমের বাড়িতে একটি আলমারি তৈরির কাজ পান তিনি। ৫৫ হাজার রুপির বিনিময়ে কাজটি করার চুক্তি হয়। এর মধ্যে অগ্রিম হিসেবে ৩০ হাজার রুপি দেওয়া হয়েছিল তাকে।

রাজকাপুরের দাবি, ওই কাজের প্রায় ৮০ শতাংশ শেষ করার পর তাকে আরও দুটি আলমারি তৈরির দায়িত্ব দেওয়া হয়। সেসব কাজও প্রায় ৫০ শতাংশ শেষ করেছিলেন তিনি। কিন্তু এরপর আর কোনো অর্থ না পাওয়ায় পাওনা পারিশ্রমিক চাইতে সোহমের বাড়িতে যান।

অভিযোগ, পাওনা অর্থ চাইতেই সোহম তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে তাকে গালিগালাজ ও মারধর করা হয়। অভিযোগপত্রে সোহমের দেহরক্ষী তোতন সর্দারের নামও উল্লেখ করেছেন রাজকাপুর।

অভিযোগকারীর দাবি, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। পরে বিষয়টি জানিয়ে বেহালা থানায় সোহম ও তার দেহরক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রাজকাপুর। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করেছে পুলিশ।

তবে পুরো বিষয়টি নিয়ে সোহম চক্রবর্তীর বক্তব্য এখনো পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিনেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোহমের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। গত জুলাইয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লাখ রুপি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। হুগলির আরামবাগের বাসিন্দা এবং ‘সোনম মুভিজ’র কর্ণধার ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম এ বিষয়ে টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ করেছিলেন।

এর আগে বিধায়ক থাকাকালীন কলকাতার একটি রেস্তরাঁয় শুটিং করতে গিয়ে কর্মীদের সঙ্গে সোহমের বচসা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও তার বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছিল।

এবার এক কাঠমিস্ত্রির করা নতুন অভিযোগের কারণে ফের আলোচনায় এসেছেন এই অভিনেতা ও সাবেক সংসদ সদস্য।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার