Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম

কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

বিজ্ঞাপন

পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় পরে অস্ত্র হাতে শহরের প্রধান সড়কের তিন কিলোমিটার এলাকাজুড়ে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পী। তার নিজ বাড়ি থেকে থানা পর্যন্ত বিস্তৃত ছিল এ মহড়া।

এ ঘটনায় ঈশ্বরদীতে বিবদমান বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে অস্ত্র হাতে এমন মহড়ায় শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী থানা ফটকে এ ঘটনা ঘটে। বর্তমানে বাপ্পী থানায় পুলিশ হেফাজতে। তিনি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থক বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাসস্থান থেকে মাথায় ও শরীরে কাফনের কাপড় পরিধান করে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাতে প্রকাশ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র নিয়ে থানা ফটকে অবস্থান করেন বাপ্পী। পরে অস্ত্র হাতে এমন মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে পুরো শহরে আতঙ্ক দেখা দেয়।

এ ঘটনার কিছুক্ষণ পরে জাকারিয়া পিন্টুর সমর্থকরা থানা ফটকে অবস্থান নেন। তারা বাপ্পী ও হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনিসহ থানা ফটকে অবস্থান নেওয়া কয়েকজন বলেন, কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বাপ্পী বারবার হত্যার হুমকি দিয়ে আসছেন। আজ প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়ে পুরো শহরে আতঙ্ক তৈরি করেছেন। আমরা মনে করছি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষের প্রাণনাশের উদ্দেশ্যেই তার এই অস্ত্রের মহড়া।

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, এ ঘটনায় অস্ত্র প্রদর্শন করা জোবায়ের হোসেন বাপ্পী পুলিশি হেফাজতে রয়েছেন। বর্তমান পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার