বিজ্ঞাপন
ঘাসের জমিতে বিষ প্রয়োগ, প্রাণ গেলো শতাধিক দেশীয় পাখির
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:৫৯ এএম
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গার দামুড়হুদারে ঘাসের জমিতে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় শতাধিক দেশীয় পাখি মারা গেছে। রোববার (১৬ আগস্ট) রাতে এ ঘটনায় জমির মালিকের ছেলেকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের দক্ষিণপাড়ার আতিয়ার রহমান তার ঘাসের জমিতে ক্ষতিকারক পোকামাকড় দমনে বিষ প্রয়োগ করেন। পরে বিষমিশ্রিত ধান ও বিষাক্ত পোকামাকড় খেয়ে রাত থেকে রোববার দিনভর বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি মারা যেতে থাকে।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গতরাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আলম। এ সময় জমির মালিকের ছেলে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন। পরে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনকে ৫০০ টাকা জরিমানাসহ ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করেন।
সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, ফসল রক্ষায় কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের অবশ্যই সতর্ক হতে হবে। কীটনাশকের কারণে পাখিসহ পরিবেশের ক্ষতি হয় এমনভাবে বিষ প্রয়োগ করা যাবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।