Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

রিকশাচালকের দুই লাখ টাকা কেটে নষ্ট করলো ইঁদুর-উইপোকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম

রিকশাচালকের দুই লাখ টাকা কেটে নষ্ট করলো ইঁদুর-উইপোকা

বিজ্ঞাপন

সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে দুই বছর ঢাকা শহরে রিকশা চালিয়ে টাকা জমিয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়া (৭২)। বাড়িতে কাঠের সিন্দুকে যত্নে রাখা সেই সঞ্চয় দিয়ে স্বপ্ন বুনছিলেন সন্তানদের নিয়ে। কিন্তু হঠাৎ সিন্দুক খুলে দেখেন, প্রায় দুই লাখ টাকা কেটে নষ্ট করেছে ইঁদুর ও উইপোকা।

জানা গেছে, তোফাজ্জল হোসেন ভাটিয়া সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক। কৃষি কাজের ফাঁকে ঢাকায় রিকশা চালিয়ে টাকা জোগাড় করতেন তিনি। ৬ আগস্ট জমানো টাকাগুলো গুনতে গিয়ে দেখেন এই ঘটনা।

স্থানীয়রা জানায়, তোফাজ্জল হোসেন খুবই পরিশ্রমী মানুষ। নিজে স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য কৃষি কাজ শেষ হলেই ঢাকায় রিকশা চালাতে যেতেন। ২০-২৫ দিন রিকশা চালিয়ে আবার বাড়ি আসেন।

তোফাজ্জল হোসেন ভাটিয়া বলেন, তিন মেয়ে তার স্ত্রীরে ভবিষ্যৎ চিন্তা করে এই টাকা জামাচ্ছিলাম। এই টাকা ছিল জমি বন্ধকের টাকা। কিন্তু কে জানে এরকম ঘটনা ঘটবে। আমার এই অর্থ শুধু টাকা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পরিবারের প্রয়োজন। এছাড়া আছে ভবিষ্যতের পরিকল্পনা ও অনেক দিনের পরিশ্রম। এ ঘটনায় আমার অনেক ক্ষতি ও মানসিক কষ্ট তৈরি হয়েছে। আমার কষ্ট কেউ বেঝবে না, আমার স্বপ্ন উইপোকা কেটে নষ্ট করলো।

স্থানীয় খলিল মিয়া বলেন, বাড়িতে নগদ টাকা সংরক্ষণ করলে অবশ্যই তা সাবধানতা অবলম্বন করে রাখতে হবে। কাঠের পুরাতন সিন্ধুকে রাখার কারণেই তো এই ঘটনা ঘটেছে তার। বর্তমান সময়ে টাকার যে অভাব আর টাকা যে দাম এভাবে তার এই টাকা উইপোকা নষ্ট করায় আমরাও খুব দুঃখ পেয়েছি। এই কৃষকের টাকাগুলো তার স্বপ্ন ছিল লুকানো ছিল ছেলে মেয়েদের ভবিষ্যৎ। তবে উই পোকা সব স্বপ্নই নষ্ট করে দিল তার। সরকারের কাছে দাবি এই বৃদ্ধ কৃষকের প্রতি সুদৃষ্টি যেন দেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ছোবেদ আলী বলেন, ঢাকায় রিকশা চালিয়ে টাকা জমিয়েছিলেন ভাটিয়া। স্ত্রী সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে একটি কাঠের সিন্দুকে টাকা জমাতেন। কিন্তু টাকাগুলো ইঁদুর-উইপোকা কেটে নষ্ট করে ফেলেছে। টাকাগুলো আরও সর্তকভাবে রাখা উচিত ছিল তার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার