Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

শিশুসন্তানকে বিক্রির পর যে নাটক সাজালেন মা!

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৮ এএম

শিশুসন্তানকে বিক্রির পর যে নাটক সাজালেন মা!

বিজ্ঞাপন

চাঁদপুর শহরে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের ৬ মাস বয়সি সন্তানকে বিক্রির পর ‘মলম পার্টির’ খপ্পরে পড়ে সন্তান হারিয়েছেন—এমন নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং পরবর্তীতে বেরিয়ে আসা বিভিন্ন তথ্য নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত নারীর নাম শিউলি বেগম। তিনি চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের রঘুনাথপুর ভাঙারপোল এলাকার খানবাড়ির বাসিন্দা এবং লিটন খানের স্ত্রী। বর্তমানে তিনি শহরের গুনরাজদী দর্জিঘাটসংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে তার ভাইয়ের বাড়িতে বসবাস করেন বলে জানা গেছে।

স্বজনদের অভিযোগ, গত ৩১ জুলাই (শুক্রবার) বিকালে শিউলি বেগম তার ৬ মাস বয়সি সন্তানকে চাঁদপুর শহরের এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। পরে তিনি দাবি করেন, ‘মলম পার্টির’ সদস্যরা তাকে অজ্ঞান করে তার কোলের সন্তান এবং সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে গেছে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ভিডিও প্রচার করা হয়। ভিডিওগুলোতে শিউলি বেগমকে কান্নাকাটি করে সন্তান হারানোর বর্ণনা দিতে দেখা যায়। তবে পরে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে অনুসন্ধানে ভিন্ন তথ্য বেরিয়ে আসে।

শিশুটির বাবা লিটন খান জানান, ঘটনার বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না। তার স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে বলেছিলেন, তিনি কিস্তির টাকা তুলতে যাচ্ছেন।

লিটন খান বলেন, আমি জানতাম না যে আমার সন্তানকে বিক্রি করা হয়েছে। সে আমাকে কিস্তি তুলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে যাদের কাছে আমার সন্তানকে দেওয়া হয়েছে, তারা আমার স্ত্রীর কাছে জানতে চেয়েছিল, শিশুটির বাবা কোথায়। তখন সে নাকি তাদের বলেছে, আমি মারা গেছি।

তিনি আরও বলেন, আমি বিভিন্ন ঋণে জর্জরিত। কিন্তু আমার অজান্তে এবং আমার সঙ্গে কোনো আলোচনা না করেই সে আমার সন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে বলে জানতে পেরেছি। 

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রঘুনাথপুর ভাঙারপোল এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন মা কিভাবে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে নিজের শিশুকে অন্যের কাছে বিক্রি করতে পারেন এবং সেই সত্যকে চাপা দিতে সন্তান ছিনিয়ে নেওয়ার মিথ্যা নাটক সাজাতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন, যদি অভিযোগটি সত্য হয়, তাহলে এটি অত্যন্ত ভয়ংকর ঘটনা। যে ব্যক্তি নিজের সন্তানকে বিক্রি করতে পারেন, তিনি এলাকার অন্য কোনো শিশুর ক্ষতি করবেন না, তার নিশ্চয়তা কী? বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা প্রয়োজন।

চাঁদপুর থানার ওসি মো. ফয়েজ আহমেদ জানান, বৃহস্পতিবার শিশুটির মা থানায় এসে জানান, তার সন্তানকে পাওয়া যাচ্ছে না। পরে পুলিশের একটি টিম অনুসন্ধানে নামে। পরবর্তীতে তিনি স্বীকার করেন, তার সন্তানকে জেসমিন ও কামরুল ইসলাম দম্পতি আদালতের মাধ্যমে দত্তক নিয়েছেন।

এদিকে, শিউলি বেগম গা ঢাকা দেওয়ায় তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার