বিজ্ঞাপন
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:০৩ এএম
বিজ্ঞাপন
জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বৃহস্পতিবার (২৫ জুন) খাগড়াছড়ি ও নীলফামারী জেলার বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না। বুধবার (২৪ জুন) খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরমধ্যে বৃহস্পতিবার খাগড়াছড়ির বেশকিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার খাগড়াছড়ির ১ ও ৩ নম্বর ফিডারের আওতাধীন ও ভাইবোন ছড়া ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টায় বিদ্যুৎ থাকবে না।
এসব ফিডারের আওতাভুক্ত এলাকাগুলো হলো- ১ নম্বর ফিডারের নারানখাইয়া থেকে স্টেডিয়াম পর্যন্ত, ৩ নম্বর ফিডাররে রসুলপুর, রাঙ্গাপানি ছড়া ও ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত এবং ভাইবোন ছড়া ফিডারের আওতাধীন সব এলাকা। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার লীলফামারীর বেশকিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নীলফামারী সদর উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। ফলে এই সময়ে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।