Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

জমি বিরোধে বিধবা নারীকে বিবস্ত্র, মা-ছেলে হাসপাতালে ভর্তি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম

জমি বিরোধে বিধবা নারীকে বিবস্ত্র, মা-ছেলে হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

গাজীপুরের কালীগঞ্জে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বিধবা নারী ও তার ছেলেকে মারধর, শ্লীলতাহানি এবং লাঞ্ছনার অভিযোগ উঠেছে। মারধরের সময় বিধবা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বিবস্ত্র করে জামাকাপড় পুড়িয়ে ফেলা হয় বলে জানা গেছে।  

গত শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মধ্যপাড়া এলাকায় নাদু শেখের বাড়িসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মা-ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন।

ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন জানান, প্রায় ৮ বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করে আসছেন। স্বামীর মৃত্যুর পর থেকেই দেবর-ভাসুর এবং তাদের ছেলেরা তাকে বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছিল বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ঘটনার দিন সকালে ছোট ছেলে সাব্বির তার ফুফার পাওনা টাকা নিয়ে যাওয়ার পথে বাড়ির দক্ষিণ পাশে রাস্তায় পৌঁছলে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন তাকে পথরোধ করে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার হাঁটুর হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

তিনি জানান, পরে ছেলের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও মারধর, কুপিয়ে জখম করা হয়। তিনি দাবি করেন, হামলাকারীরা তার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়।

এ সময় মাটিতে লুটিয়ে পড়লে তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং তার পোশাকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।

পরে স্থানীয়রা আহত মা-ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জাকারিয়া শেখ, মোস্তাকিন শেখ, আল আমিন শেখ, মাহমুদা বেগম, রোকেয়া বেগম, আব্দুল্লাহ ও শাহিনুর বেগমসহ কয়েকজন জড়িত বলে তিনি জানান।

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার