Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

কোরআন ছুঁয়ে শপথ, এরপর মাটিচাপায় মৃত্যু!

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:০৭ পিএম

কোরআন ছুঁয়ে শপথ, এরপর মাটিচাপায় মৃত্যু!

বিজ্ঞাপন

পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ আমড়াগাছিয়ায় কথিত ম্যাগনেটিক পিলার খুঁড়তে গিয়ে মাটিচাপায় আব্দুল রশীদ বেপারী ও সাগর হাওলাদার নামের দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যার রহস্য মাত্র ১০ ঘণ্টারও কম সময়ে উন্মোচন করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

সোমবার (১ জুন) পিরোজপুরের পুলিশ সুপারের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৩১ মে সকালে আমড়াগাছিয়ার একটি মক্তবের বারান্দা ও সেখান থেকে দেড় কিলোমিটার দূরের আরেকটি স্থান থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়।

সুরতহালে আঘাতের চিহ্ন না থাকায় সিআইডি'র ফরেনসিক টিম আলামত সংগ্রহ করে এবং বেলা ১টায় পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের দিকনির্দেশনা দেন।

পুলিশের নিরলস তদন্তে বেরিয়ে আসে, মো. ইউসুফ আলী প্যাদ্যা, মো. শহীদুল ইসলামসহ অজ্ঞাত আরও ৪-৫ জন ব্যক্তি ওই দুই শ্রমিকসহ মোট ৭-৮ জনকে মাত্র এক হাজার টাকা মজুরিতে ম্যাগনেটিক পিলার খোঁড়ার জন্য ভাড়া করেছিল এবং বিষয়টি গোপন রাখতে তাদের কোরআন শরীফ ছুঁয়ে শপথও করিয়েছিল।

পরবর্তীতে আমড়াগাছিয়ায় খালেক মিয়ার মক্তবের কাছে জনৈক সাত্তার হাওলাদারের নতুন তৈরি পুকুরে গভীর রাতে খোঁড়াখুঁড়ির একপর্যায়ে উপর থেকে মাটির বিশাল অংশ ধসে পড়লে চারজন মাটিচাপা পড়েন, যার মধ্যে রশীদ ও সাগর পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় এজাহারনামীয় দুজনসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে আজ ১ জুন মঠবাড়িয়া থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩০৪ক ধারায় অবহেলাজনিত মৃত্যুর একটি মামলা (মামলা নম্বর-০১) রুজু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার