বিজ্ঞাপন
মাদক সেবন করে বিপাকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৫৩ পিএম
বিজ্ঞাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অতিথি হিসেবে এসে গাঁজা সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (২২ মে) আনুমানিক দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘সুইমিংপুল’ এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই শিক্ষার্থী হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামার-২২ সেশনের শিক্ষার্থী আলী কারিম এবং স্প্রিং-২৩ সেশনের শিক্ষার্থী খন্দকার মেহরুন নেছা সুবাহ।
জানা যায়, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫১তম ব্যাচের দুই শিক্ষার্থীর আমন্ত্রণে ক্যাম্পাসে আসেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সুইমিংপুল’ এলাকায় গাঁজা সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদালত প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাধিক গণমাধ্যমকে জানানো হয়, ক্যাম্পাসে মাদক ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।