বিজ্ঞাপন
টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম
বিজ্ঞাপন
গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলে খুনের চাঞ্চল্যকর মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। বয়সে দশ বছর বড় খালাতো বোনকে বিয়ে করার কথা বলায় বড় ভাই তার বাবা ও ছোট ভাইকে হত্যা করেছে বলে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে এসেছে। তাই ঘটনাটি মাদক সংক্রান্ত নয় বলে জানিয়েছে আসামিকে জিজ্ঞাসাবাদকারী তদন্ত টিম।
সোমবার (২৭ এপ্রিল) টঙ্গী পূর্ব থানার দায়িত্বশীল সূত্র এই সংবাদ নিশ্চিত করেন। এর আগে গতকাল রবিবার ভোরে স্থানীয় বনমালা এলাকায় বাবা ও ছেলের দুটি লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, টঙ্গীর উত্তর দত্তপাড়া বনমালা প্রাইমারী স্কুল রোডের মোস্তফা দর্জির ছেলে মো: সোহেল (৪৮) ও তার ছেলে সাকিবুর রহমান শোয়েব (১৭)। এই ঘটনায় আটক নিহত সোহেলের বড় ছেলে সাইফুর রহমান সোহান (২৭)। নিহত শোয়েব রাজধানীর উত্তরায় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পড়াশোনার পাশাপাশি ঢাকার তেঁজগায়ে বেঙ্গল ফুড নামে একটি দোকানে চাকরিও করতেন। আটক সাইফুর রহমান একটি ঔষুধ কারখানায় কাজ করতেন।
টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: জিল্লুর রহমান বলেন, মেয়েলী সংক্রান্ত ঘটনায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ছোট ভাইকে হত্যার পর তার বাবা মাদকে আসক্ত থাকায় সহজেই তাকে রেললাইনে নিয়ে যেতে সক্ষম হয় আসামি। আমরা আশা করছি, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে পুরো ঘটনার বিস্তারিত জানানো হবে।