বিজ্ঞাপন
১৬ হাজার লিটার জ্বালানি মজুত রাখায় ফিলিং স্টেশনে জরিমানা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম
বিজ্ঞাপন
টাঙ্গাইলের কালিহাতীতে মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট মালিককে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম নামের এক গ্রাহক জানান, প্রশাসনের এ ধরনের কার্যক্রমের ফলে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসছে। পাশাপাশি জনমনে স্বস্তি ও নির্ভরতা ফিরে আসছে। আমরা সাধারণ মানুষ এতে উপকৃত হচ্ছি।
ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ জানান, জেলার বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন