বিজ্ঞাপন
নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাইয়ের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম
বিজ্ঞাপন
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে একটি কলেজের নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে হরিপুর ইউএনও কার্যালয়ে মেদনীসাগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা চলছিল। নিয়োগ বোর্ডে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, বিকাল সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দীনের নেতৃত্বে একদল ব্যক্তি হঠাৎ ইউএনওর কক্ষে প্রবেশ করেন। তারা নিয়োগ সংক্রান্ত নথিপত্র নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। এ সময় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা বাধা দিলে হামলাকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা নিয়োগ পরীক্ষার রেজুলেশন খাতা, নোটিশ খাতা, ফলাফল শিট, মৌখিক পরীক্ষার স্বাক্ষর শিট, নিয়োগ বিজ্ঞপ্তি এবং জনবল কাঠামোর গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
এজাহারে আরও বলা হয়, বাধা দিতে গেলে মোছা. মোতাহারা পারভীন নামে এক নারী শিক্ষককে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা সটকে পড়েন।
এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সরকারি কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি ও নারী শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ আনা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দীন, মো. মোকলেসুর রহমান, মো. এরফান আলী, মো. ফারুক, মো. মাসুদ রানা, মো. উজ্জল, মো. আসিফ, মো. মনিরুজ্জামান, কাদীর কম্পিউটার ও মো. শরিফ।
হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম জানান, ছিনিয়ে নেওয়া সরকারি নথিপত্র উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন