বিজ্ঞাপন
ফেনীতে ফুটবল টুর্নামেন্টে বোরকা পরে তরুণদের নাচ, ভিডিও ভাইরাল
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
বিজ্ঞাপন
ফেনীর দাগনভূঞা উপজেলায় আয়োজিত একটি রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বোরকা ও জুব্বা পরিহিত কয়েকজন তরুণের নাচানাচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সী এলাকায় এ ঘটনা ঘটে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালে খেলার মাঠেই ওই নাচানাচির দৃশ্য দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বোরকা ও জুব্বা পরা ৮–৯ জন তরুণ একে অপরের হাত ধরে প্রকাশ্যে নাচানাচি করছে এবং দর্শকদের উদ্দেশে নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করছে। এ সময় মাঠের বাইরে থাকা দর্শকদের একটি অংশ হাততালি দিয়ে তাদের উৎসাহ দেয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, মুসলিম নারীদের বোরকা ও পুরুষদের জুব্বার মতো ধর্মীয় পোশাককে এভাবে উপহাসমূলক ভঙ্গিতে ব্যবহার করা অনৈতিক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।
এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে লেখেন, ফুটবল মাঠে কিছু ছেলে বোরকা পরে মেয়ে সেজে নাচানাচি করে ইসলামকে অবমাননা করেছে। আয়োজক কমিটিকে দুঃখ প্রকাশ করতে হবে এবং সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
আরেকজন লেখেন, তরুণদের জন্য ফুটবল টুর্নামেন্ট আয়োজন প্রশংসনীয়। কিন্তু ধর্মীয় পোশাক পরে নাচানাচি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এবং ইসলামী পোশাকের মর্যাদা ক্ষুণ্ন করেছে।
ঘটনার বিষয়ে টুর্নামেন্টের আয়োজক ইসমাইল হোসেন সবুজ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনা। বিষয়টি আমাদের চিন্তার বাইরে ছিল। কয়েকজন কিশোর দর্শকদের বিনোদনের উদ্দেশ্যে আরবীয় পোশাক পরে নাচানাচি করে, যা ধর্মপ্রাণ মানুষদের অনুভূতিতে আঘাত দিয়েছে। একজন আয়োজক হিসেবে আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মাদ ফয়জুল আজীম বলেন, বিষয়টি আমি শুনেছি। অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। খেলার মাঝখানে আইনশৃঙ্খলা সংক্রান্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করি।
বিজ্ঞাপন