বিজ্ঞাপন
রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নেপথ্যে কী?
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম
বিজ্ঞাপন
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার নেপথ্য কারণ মাদক বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)। ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গেন্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর করাতীটোলা এলাকায় মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য মো. মনির হোসেন ও তার ভাগিনা রাসেলের সঙ্গে অটো সজলের চাচা রাসেলের বিরোধ হয়।
একপর্যায়ে অটো সজলের চাচা রাসেলকে মারধর করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মনির হোসেনের কাছে থাকা একটি অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। গুলি ছোড়ার পর মনির হোসেন ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
গেন্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন যুগান্তরকে জানান, তারা গোলাগুলির ঘটনার কথা শুনেছেন। কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। ঘটনাস্থলে থানার একটি পুলিশ টিম রয়েছে। তবে কী কারণে এবং কেন এ ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানা যায়নি বলে জানান তিনি।