Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজধানী

লালবাগে বস্তায় মিলল খণ্ডিত হাত-পা, তদন্তে পুলিশ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম

লালবাগে বস্তায় মিলল খণ্ডিত হাত-পা, তদন্তে পুলিশ

বিজ্ঞাপন

রাজধানীর লালবাগ থানার শহীদনগর ঘোড়াপট্টি বেড়িবাঁধ এলাকায় নৌকাঘাটের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় মানুষের খণ্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) বিকাল ৫টার দিকে স্থানীয়রা বস্তাটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। স্থানীয়রা জানান, বস্তাটি দুই-তিন দিন ধরে সেখানে পড়ে ছিল। শনিবার বিকালে বস্তা থেকে পচা গন্ধ বের হলে ১৮ বছর বয়সি স্থানীয় বাসিন্দা সুজনসহ কয়েকজন বস্তাটি খুলে ভেতরে মানুষের একটি রক্তাক্ত হাত ও পায়ের খণ্ডিত অংশ দেখতে পান। পরে সুজন লালবাগ থানা পুলিশকে খবর দেন।

সুজন জানান, দুই-তিন দিন আগে সালমান ও মনির নামে দুই শিশু বস্তাটি সেখানে পড়ে থাকতে দেখেছিল। এরপর থেকে বস্তাটি একই স্থানে পড়ে ছিল। শনিবার পচা গন্ধ বের হলে ওই দুই শিশু বস্তাটি খুলে খণ্ডিত দেহের অংশ দেখতে পায়। পরে তারা তাকে জানালে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে লালবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আট লেনের সড়কের কাজ চলছে। নির্মাণকাজের একটি ব্লকের পাশে বস্তাসদৃশ ওই জিনিস থেকে খণ্ডিত হাত ও পা উদ্ধার করা হয়।

লালবাগ থানার ওসি (তদন্ত) সাইদুজ্জামান যুগান্তরকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। খণ্ডিত দেহের অংশগুলো কীভাবে সেখানে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পরিচয় শনাক্তের কাজ চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার