Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজধানী

অল্প সময়েই শেষ জুলাই জাদুঘরের প্রথম দিনের সব টিকিট

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

অল্প সময়েই শেষ জুলাই জাদুঘরের প্রথম দিনের সব টিকিট

বিজ্ঞাপন

আজ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিনেই রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে অবস্থিত জাদুঘরটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনের জন্য নির্ধারিত ৯০০টি টিকিট অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে। এতে অনেকেই জাদুঘরে প্রবেশ করতে না পেরে হতাশা প্রকাশ করেছেন। অনেকে টিকিটের সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকেই জাদুঘরের সামনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে নির্ধারিত টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়ায় অনেক দর্শনার্থী পরদিন আবার এসে জাদুঘর ঘুরে দেখার পরিকল্পনার কথা জানান। তবে অনেকেই টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

দর্শনার্থীরা বলেন, জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাদুঘরের উদ্বোধন হওয়ায় সেদিন অন্তত কয়েক ঘণ্টার জন্য সাধারণ মানুষের প্রবেশের সুযোগ দেওয়া উচিত ছিল।

উদ্বোধনের পর সীমিত সময়ের জন্য হলেও দর্শনার্থীদের প্রবেশের সুযোগ দিলে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটত। পাশাপাশি জাদুঘরে ৫০ টাকা প্রবেশমূল্য নির্ধারণের বিষয়টিও পুনর্বিবেচনার দাবি জানান অনেকে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং প্রদর্শনী স্বাচ্ছন্দ্যে উপভোগের সুযোগ নিশ্চিত করতে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এজন্য তিনটি পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকাল ১১টা, দুপুর ১টা এবং বিকেল ৪টার—এই তিনটি স্লটে প্রতিবার ৩০০ জন করে প্রবেশ করতে পারবেন। 

টিকিট অনলাইন এবং কাউন্টার—উভয় মাধ্যমেই সংগ্রহ করা যাচ্ছে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিড় এড়াতে আগাম অনলাইনে টিকিট সংগ্রহেরও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার