বিজ্ঞাপন
টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম
বিজ্ঞাপন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনকে আদালতে হাজির করতে আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা মামলায় এই নির্দেশ দেওয়া হয়। অপর আসামি হলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।
রোববার (২৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ-এর আদালতে গেজেট প্রকাশ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন বিজি প্রেস থেকে গেজেট প্রকাশ না হওয়ায় আদালত আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন।
গত ১৮ ফেব্রুয়ারি দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে একই আদালত টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৯ মার্চ দিন ধার্য করেন। তবে সেদিনও পুলিশ তাকে গ্রেফতার করতে না পারার প্রতিবেদন জমা দেয়।
পরে আইন অনুযায়ী, ৮ মার্চ টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনকে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয় এবং এ বিষয়ে অগ্রগতি জানাতে ২৯ মার্চ দিন নির্ধারণ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট দখল নেন এবং পরে সেটি রেজিস্ট্রি করেন।
এদিকে, গত জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ পায়।
বিজ্ঞাপন