বিজ্ঞাপন
লালবাগে গোপন মাদক আস্তানা, অভিযানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৮:১৬ এএম
বিজ্ঞাপন
রাজধানীর লালবাগ থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ লেনের ৪০/২/ডি নম্বর পাঁচতলা ভবনের নিচতলা থেকে ভাড়াটিয়া এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লিটার বাংলা মদসহ তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে এলাকাবাসী ওই নারীর বাসায় মাদক থাকার বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে এলাকাবাসী ও পুলিশ মিলে বাসায় প্রবেশ করলে সেখানে দুইটি বড় ড্রাম, কয়েকটি পাত্র এবং পলিথিনে রাখা মদের অস্তিত্ব পাওয়া যায়। এ সময় অভিযুক্ত নারী মদ নষ্ট করার উদ্দেশ্যে বাথরুমে গিয়ে তা দিয়ে গোসল করেন এবং ড্রামে থাকা কিছু মদ ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, আটককৃত নারী বিনা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাংলা মদসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বাসাটি মাদক সেবন ও অবৈধ কর্মকাণ্ডের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো, যেখানে উঠতি বয়সী তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সী লোকজনের যাতায়াত ছিল। আরও অভিযোগ রয়েছে, বাড়ির মালিকের ছেলে সাজ্জাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালানো হচ্ছিল। এমনকি সুবিধামতো এই ব্যবসা পরিচালনার জন্যই তাকে ভাড়া দেওয়া হয়েছিল বলেও একাধিক সূত্র জানিয়েছে।
আটক বিনা দাবি করেন, তিনি একটি উচ্চ আদালতে চাকরি করেন এবং তার স্বামী তুহিনের সঙ্গে তিন-চার মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন।
তিনি অভিযোগ করেন, একই ভবনের নিচতলার আরেকটি কক্ষে বাড়িওয়ালার ছেলে সাজ্জাদ ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন এবং তাকে নানা উপায়ে মাদক ব্যবসা চালিয়ে যেতে বাধ্য করতেন।
বিনা আরও জানান, কিছুদিন আগে মাদক ব্যবসার প্রায় ৩০ হাজার টাকার লেনদেন নিয়ে সাজ্জাদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ওই টাকা মাদক বিক্রির অর্থ ছিল বলে তিনি দাবি করেন।
এ ছাড়া সাজ্জাদ ও তার দুলাভাই শাহিন একাধিকবার চাপ প্রয়োগ করে তার কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করেন এবং পরবর্তীতে আরও ৪ হাজার টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে বাড়িওয়ালার ছেলে সাজ্জাদ স্বীকার করেন, তিনি মাঝেমধ্যে মাদক সেবন করতেন। নিচতলায় তার একটি ‘ক্লাবঘর’ ছিল, যেখানে বন্ধু-বান্ধবদের নিয়ে আড্ডা দিতেন এবং হালকা মাদক সেবন হতো। তবে বর্তমানে তিনি মাদকের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
এ ঘটনায় বিনার স্বামী তুহিনকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে বাড়িওয়ালার ছেলে সাজ্জাদ মাদক ব্যবসায় জড়িত থাকতে পারে, তবে তিনি এ বিষয়ে কিছু জানেন না।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী জানান, এলাকাবাসীর তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩ লিটার বাংলা মদসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু মদ বাথরুমে ও মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ঘটনাস্থল থেকে যতটুকু মদ পেয়েছি, তা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সেখানে আরও মদ ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নই।”
বিজ্ঞাপন